খরচের পুরো হিসাব · ২০২৬
ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে? ২০২৬ সালের পুরো হিসাব
ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে, তা নির্ভর করে তিনটা জিনিসের ওপর: কেমন সাইট চান, কাকে দিয়ে বানাচ্ছেন আর বানানোর পরে প্রতি বছর কী কী খরচ থাকছে। এই পেজে ২০২৬ সালের বাজারদর, ডোমেইন ও হোস্টিংয়ের দাম আর টাকা দেওয়ার আগে কী কী জেনে নেবেন, সব সহজ বাংলায় একসাথে দিলাম।
কেউ গুগলে লেখেন “ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে”, অনেকে আবার ইংরেজি অক্ষরে “website banate koto taka lage” বা “website khulte koto taka lage”। প্রশ্ন একটাই, উত্তরও এখানেই।
কোন ধরনের ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে
দোকানের পরিচিতি, ঠিকানা আর ফোন নম্বর দেখাতে ছোট একটা সাইটই যথেষ্ট। পণ্যের তালিকা, অর্ডার বা অনলাইন পেমেন্ট লাগলে খরচ বাড়ে।
নিচের দামগুলো বাংলাদেশের বিভিন্ন ওয়েব এজেন্সি আর হোস্টিং কোম্পানির নিজেদের ওয়েবসাইটে দেওয়া “শুরুর দাম”, ৩ নভেম্বর ২০২৬-এ মিলিয়ে দেখা। চট্টগ্রামের বেশিরভাগ ওয়েব প্রতিষ্ঠান দাম প্রকাশ করে না, কাজ দেখে কোটেশন দেয়, তাই এই তালিকার বেশিরভাগ দাম ঢাকার প্রতিষ্ঠানের।
| সাইটের ধরন | সস্তা টেমপ্লেট অফার | সাধারণ এজেন্সির শুরুর দাম | নিজস্ব ডিজাইনের স্টুডিও |
|---|---|---|---|
| ছোট সাইট (৫ পেজ পর্যন্ত) | ৳৫,০০০ থেকে ৳১০,০০০ | ৳৮,০০০ থেকে ৳১৫,০০০ | ৳৫০,০০০ থেকে ৳৫৯,০০০ |
| বিজনেস সাইট (একাধিক পেজ, নিজে আপডেট করা যায়) | ৳৭,৫০০ থেকে ৳১৫,০০০ | ৳১৫,০০০ থেকে ৳৩৫,০০০ | ৳৫০,০০০ থেকে ৳৯৯,০০০ |
| ই-কমার্স বা অনলাইন শপ | ৳৬,৪০০ থেকে ৳১৮,৫০০ | ৳২৫,০০০ থেকে ৳৫০,০০০ | ৳৯০,০০০ থেকে ৳১,৫০,০০০ বা বেশি |
| ল্যান্ডিং পেজ (একটা পণ্য বা অফারের জন্য এক পেজ) | খুব কম জায়গায় দাম দেওয়া থাকে | ৳৮,০০০ থেকে ৳১৫,০০০ | ৳৫০,০০০ থেকে |
“নিজে আপডেট করা যায়” মানে লগইন করে আপনি নিজেই লেখা, ছবি বা দাম বদলাতে পারবেন। একে ডাইনামিক সাইট বলে, প্রায়ই ওয়ার্ডপ্রেসে বানানো হয়।
একই সাইটের দাম এত আলাদা কেন
একটা প্রাইস গাইডের জন্য ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকার পাঁচজন ওয়েব ডেভেলপারকে একই প্রশ্ন করা হয়েছিল: ১০ পেজের একটা বিজনেস সাইটে কত লাগবে? যে চারজন দাম বলেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে কম ৳১২,০০০, সবচেয়ে বেশি ৳১,১০,০০০। কারণগুলো মোটামুটি এই:
- টেমপ্লেট না নিজস্ব ডিজাইন। রেডিমেড টেমপ্লেটে নাম আর ছবি বসানো সস্তা। আপনার ব্র্যান্ডের জন্য আলাদা ডিজাইনে সময় আর দক্ষতা বেশি লাগে।
- কী কী কাজ করবে। অর্ডার, পেমেন্ট, কাস্টমার লগইন বা স্টকের হিসাব যোগ হলে কাজ অনেক বাড়ে।
- লেখা আর ছবি কে দেবে। আপনি গুছিয়ে দিলে খরচ কম। লিখে দেওয়া বা পণ্যের ছবি তোলা আলাদা কাজ।
- কে বানাচ্ছে। ফ্রিল্যান্সার, ছোট স্টুডিও আর বড় এজেন্সির খরচের হিসাব আলাদা।
- লঞ্চের পরে সাপোর্ট। কেউ কয়েক মাসের সাপোর্ট দামের মধ্যে রাখে, কেউ রাখে না।
৫,০০০ টাকার ওয়েবসাইট কি নেওয়া ঠিক?
৳৫,০০০ থেকে ৳১০,০০০-এর অফারগুলো সাধারণত হোস্টিং কোম্পানির টেমপ্লেট সাইট। কেউ কেউ প্রথম বছরের ডোমেইন আর হোস্টিংও ফ্রি দেয়। শুরুর জন্য খারাপ না, তবে লিখিতভাবে জেনে নিন: পরের বছর নবায়নে কত লাগবে, ডোমেইন কার নামে থাকবে আর পরে সাইটটা অন্য কোথাও সরানো যাবে কি না।
ওয়েবসাইট বানাতে কী কী লাগে
যেকোনো ওয়েবসাইটের পেছনে চারটা জিনিস থাকে। কোনটা একবারের খরচ আর কোনটা প্রতি বছরের, বুঝলে ওয়েবসাইট বানানোর খরচের কোটেশন পড়া সহজ হয়।
- ডোমেইন: সাইটের ঠিকানা, যেমন yourshop.com বা yourshop.com.bd। প্রতি বছর নবায়ন করতে হয়।
- হোস্টিং: যে সার্ভারে (সবসময় চালু থাকা কম্পিউটারে) সাইটের ফাইল থাকে, তার ভাড়া। এটাও প্রতি বছর দিতে হয়।
- ডিজাইন ও তৈরি: সাইট দেখতে কেমন হবে আর কী কাজ করবে, সেটা বানানোর খরচ। সাধারণত একবারই।
- আপনার কনটেন্ট: লোগো, ছবি, পণ্য বা সেবার তালিকা, দাম আর যোগাযোগের তথ্য। এগুলো হাতে থাকলে কাজ দ্রুত হয়, খরচও কমে।
সাথে লাগে এসএসএল, মানে ব্রাউজারে ঠিকানার পাশের তালা চিহ্ন। না থাকলে ব্রাউজার সাইটটাকে “নিরাপদ নয়” দেখায়, আর কাস্টমার ভয় পান। আজকাল এটা সাধারণত ফ্রি।
নিজে বানাতে চাইলে
নিজেই ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো টুলে বানালে মূল খরচ শুধু ডোমেইন আর হোস্টিং, বছরে মোটামুটি ৳৩,০০০ থেকে ৳৬,০০০। ওয়ার্ডপ্রেস নিজে ফ্রি, তবে ভালো থিম বা প্লাগইনে টাকা লাগতে পারে। আসল খরচ আপনার সময়: শেখা, বানানো আর পরে আপডেট ও নিরাপত্তা সামলানো।
ডোমেইন ও হোস্টিং কিনতে কত টাকা লাগে
এই দুটো খরচ অনেক কোটেশনে ধরা থাকে না, বা প্রথম বছর “ফ্রি” দিয়ে পরের বছর থেকে ধরা হয়। নিচের সব দাম ৩ নভেম্বর ২০২৬-এ কোম্পানিগুলোর নিজের ওয়েবসাইটে দেখা।
ডোমেইনের দাম
| ডোমেইন | প্রথম বছর | পরের বছর থেকে |
|---|---|---|
| .com (দেশি হোস্টিং কোম্পানি থেকে) | ৳১,২০০ থেকে ৳২,১০০ | ৳১,৬৫০ থেকে ৳২,১০০ |
| .com.bd (বিটিসিএল থেকে) | ৳১,১০০, এখনকার ছাড়ে ৳৭০০ | ৳১,৬০০, এখনকার ছাড়ে ৳১,০২০ |
| .bd (বিটিসিএল থেকে) | ৳২,০০০, এখনকার ছাড়ে ৳১,২৮০ | ৳২,৫০০, এখনকার ছাড়ে ৳১,৬০০ |
বিটিসিএল হলো .bd ডোমেইনের সরকারি রেজিস্ট্রি। তাদের দাম ভ্যাট ছাড়া, আর ছাড়টা “সীমিত সময়ের জন্য”, শেষ তারিখ বলা নেই। অন্য কোম্পানির মাধ্যমে .com.bd কিনলে সাধারণত বেশি লাগে। ১৯ জানুয়ারি ২০২৬ থেকে শুধু .bd দিয়ে শেষ হওয়া নামও (যেমন yourshop.bd) সবাই নিতে পারছেন।
খেয়াল করুন, নবায়নের দাম সাধারণত প্রথম বছরের চেয়ে বেশি। যেমন এক দেশি কোম্পানিতে .com প্রথম বছর ৳১,১৯৯, নবায়নে ৳১,৬৯৫।
.com নেবেন নাকি .com.bd?
.com সবাই চেনে, মনে রাখাও সহজ। .com.bd দেখলে বোঝা যায় আপনি বাংলাদেশের ব্যবসা, আর এখনকার ছাড়ে এটা সস্তাও। তবে বিটিসিএল এনআইডির সাথে ট্রেড লাইসেন্স বা এ রকম কোনো কাগজ চায়। একটা দেশি রিসেলার বলছে, নামে মিল থাকলে ব্যক্তি হিসেবে শুধু এনআইডিতেও নেওয়া যায়। যেটাই নিন, ডোমেইন যেন আপনার নিজের নামে রেজিস্টার হয়।
হোস্টিংয়ের দাম
ছোট বিজনেস সাইটে সাধারণত সবচেয়ে ছোট শেয়ারড হোস্টিং প্ল্যানই যথেষ্ট। শেয়ারড মানে একই সার্ভারে অনেকের সাইট থাকে, তাই খরচ কম। দেশি কোম্পানিতে এর দাম প্রথম বছর মোটামুটি ৳৮৩০ থেকে ৳৩,৬০০, নবায়নে ৳১,৮০০ থেকে ৳৩,৬০০। ১০ থেকে ২০ জিবির একটু বড় প্ল্যান বছরে ৳২,২০০ থেকে ৳৭,০০০।
প্রথম বছরের অফারে ভুলবেন না: একটা প্ল্যান প্রথম বছর ৳৮৩১, কিন্তু পরের বছর থেকে ৳১,৮৪৫। আর “বিডিআইএক্স হোস্টিং” মানে সার্ভার দেশের ভেতরের ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত, তাই বাংলাদেশের ভিজিটরদের কাছে সাইট সাধারণত দ্রুত খোলে।
এসএসএল কি কিনতে হয়?
সাধারণ বিজনেস সাইটে না। আমরা যত দেশি হোস্টিং প্ল্যান দেখেছি, সবগুলোতে ফ্রি এসএসএল আছে (Let’s Encrypt বা কোম্পানির নিজের)। কেউ এর জন্য আলাদা টাকা চাইলে জিজ্ঞেস করুন কেন।
একবার বানালে কি আর খরচ নেই? প্রতি বছরের হিসাব
আছে। বানানো একবারের খরচ, কিন্তু সাইট চালু রাখতে প্রতি বছর কিছু টাকা লাগে। ছোট সাইটের হিসাব মোটামুটি এ রকম:
| খরচ | প্রতি বছর |
|---|---|
| ডোমেইন নবায়ন | ৳১,০০০ থেকে ৳২,১০০ |
| হোস্টিং নবায়ন | ৳১,৮০০ থেকে ৳৩,৬০০ |
| এসএসএল | সাধারণত ফ্রি |
| মোট, মেইনটেন্যান্স ছাড়া | মোটামুটি ৳৩,০০০ থেকে ৳৬,০০০ |
| মেইনটেন্যান্স প্ল্যান (চাইলে) | প্রকাশিত প্ল্যান শুরু মাসে ৳২,০০০ বা ৳৩,০০০ থেকে, মানে বছরে প্রায় ৳২৪,০০০ থেকে ৳৩৬,০০০ |
| অনলাইন পেমেন্ট (যদি নেন) | প্রতি বিক্রিতে মোটামুটি ২% থেকে ২.৭৫% কমিশন |
মেইনটেন্যান্স মানে কেউ নিয়মিত ব্যাকআপ রাখবে, সফটওয়্যার আপডেট করবে, নিরাপত্তা দেখবে আর ছোটখাটো বদল করে দেবে। সাধারণ সাইটে এটা বাধ্যতামূলক না, কিন্তু অনলাইন শপে বা ঘন ঘন বদলানো সাইটে কাজে আসে। এক দেশি কোম্পানিতে হ্যাক হওয়া ওয়ার্ডপ্রেস সাইট পরিষ্কার করতেই ৳৭,০০০ লাগে।
আর মনে রাখবেন, ডোমেইন নবায়ন ভুলে গেলে সাইট বন্ধ হয়ে যায়, পরে নামটা অন্য কেউ কিনে নিতে পারে। তারিখটা ফোনের ক্যালেন্ডারে লিখে রাখুন।
ওয়েবসাইট বানাতে চান? আগে দেখুন, পরে টাকা দিন।
আপনার ব্যবসার জন্য আমরা আগে একটা ফ্রি স্যাম্পল বানিয়ে লাইভ লিংক পাঠাই। ফোনে খুলে দেখুন, পছন্দ হলে তবেই টাকা।
ছোট দোকান আর ফেসবুক পেজের জন্য কম খরচের রাস্তা
এখন ফেসবুক পেজ বা ইনবক্সে বিক্রি করলে প্রথম দিনেই পুরো পেমেন্ট গেটওয়ে লাগবে না। ধাপে ধাপে এগোলে শুরুর খরচ কম থাকে, আর বিক্রি বাড়লে পরে সব যোগ করা যায়।
ধাপ ১: ক্যাশ অন ডেলিভারি দিয়ে শুরু
কাস্টমার সাইটে পণ্য বেছে নাম, ফোন আর ঠিকানা দিয়ে অর্ডার করবেন। আপনি ফোনে কনফার্ম করে কুরিয়ারে পাঠাবেন, টাকা নেবেন ডেলিভারির সময়। পেমেন্ট গেটওয়ে লাগে না, তাই গেটওয়ের কমিশনও নেই। কুরিয়ার কত চার্জ নেয়, সেটা আলাদা করে জেনে নিন।
ধাপ ২: বিকাশ পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট
অগ্রিম বা পুরো টাকা বিকাশে নিতে চাইলে বিকাশের একটা ব্যবসায়িক অ্যাকাউন্ট আছে: পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট। বিকাশ বলছে, এটা খুচরা ব্যবসা আর এফ-কমার্সের (ফেসবুকে বিক্রি) ছোট বিক্রেতাদের জন্য। ২০২৬ সালের সেপ্টেম্বরে বিকাশের পেজে যা লেখা ছিল:
- লাগে এনআইডি, আপনার এনআইডিতে রেজিস্টার করা নতুন সিম (যে নম্বরে আগে কখনো বিকাশ খোলা হয়নি) আর সিমের মালিকানার প্রমাণ। কাগজের তালিকায় ট্রেড লাইসেন্স নেই।
- কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়া ফ্রি। বিকাশ এটাকে প্রমোশনাল অফার বলছে, চলবে “পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত”।
- একবারে আর দিনে সর্বোচ্চ ৳৩০,০০০, মাসে ৳৫,০০,০০০ পর্যন্ত নেওয়া যায়।
- কাস্টমার কিউআর কোড স্ক্যান করে, বিকাশ পেমেন্ট গেটওয়ে দিয়ে বা ইউএসএসডি-তে আপনার নম্বর লিখে টাকা দিতে পারেন।
- পুরোনো পার্সোনাল বিকাশ নম্বর এই অ্যাকাউন্টে বদলানো যায় না।
পার্সোনাল নম্বরে “সেন্ড মানি” করে ব্যবসার টাকা নিলে লিমিট থাকে ব্যক্তিগত, আর সেটা ওয়েবসাইটের চেকআউটে জোড়া যায় না। ফি আর লিমিট বদলাতে পারে, তাই খোলার আগে বিকাশের অ্যাপ বা ওয়েবসাইটে একবার দেখে নিন।
ধাপ ৩: বিক্রি বাড়লে পুরো পেমেন্ট গেটওয়ে
পেমেন্ট গেটওয়েতে কাস্টমার আপনার সাইটেই কার্ড, বিকাশ বা নগদে টাকা দেন, আর অর্ডার নিজে থেকেই “পেইড” হয়ে যায়। আমরা যে গেটওয়েগুলো দেখেছি (SSLCommerz, aamarPay, shurjoPay, PortPos), সবাই ট্রেড লাইসেন্স চায়, সাথে সাধারণত টিআইএন, এনআইডি আর ব্যাংক অ্যাকাউন্ট। SSLCommerz আর PortPos ডিবিআইডিও (ডিজিটাল বিজনেস আইডি) চায়।
| গেটওয়ে | প্রতি বিক্রিতে কমিশন | শুরুর খরচ |
|---|---|---|
| SSLCommerz | ২.৫% (অ্যামেক্স কার্ডে ৩.৫%) | একবার ৳২৫,৫০০ |
| aamarPay (ছোট ব্যবসার প্ল্যান) | বিকাশ ও নগদে ২%, কার্ডে ২.৫৫% | ফোন করে জানতে হয়, মাসিক ফি নেই |
| PortPos | মোবাইল ব্যাংকিং ও নেট ব্যাংকিংয়ে ২.২%, কার্ডে ২.৫% | সাইনআপ ফি নেই, মাসিক ফি নেই |
| বিকাশ পেমেন্ট গেটওয়ে | প্রকাশ করা নেই, চুক্তিতে ঠিক হয় | প্রকাশ করা নেই |
অনুমোদনের আগে গেটওয়ে আপনার সাইটও দেখে। যেমন SSLCommerz চায় সাইটে শর্তাবলি, রিটার্ন ও রিফান্ড নীতি, প্রাইভেসি পলিসি আর ব্যবসার ঠিকানা থাকুক, তাই এই পেজগুলোও বানিয়ে নিন। বিস্তারিত আছে আমাদের ই-কমার্স ওয়েবসাইট আর বিকাশ পেমেন্টের গাইডে (ইংরেজিতে)।
টাকা দেওয়ার আগে যা জিজ্ঞেস করবেন
কোটেশনে শুধু মোট অঙ্ক দেখবেন না। এই প্রশ্নগুলোর উত্তর লিখিত নিন, হোয়াটসঅ্যাপ মেসেজে হলেও চলবে। পরে ঝামেলা হলে এটাই কাজে লাগবে।
- দামের মধ্যে কয়টা পেজ আর কী কী সুবিধা আছে? তালিকা করে চান।
- ডোমেইন আর হোস্টিং কি দামের মধ্যে? পরের বছর নবায়নে কত লাগবে?
- ডোমেইন কার নামে রেজিস্টার হবে? উত্তর হওয়া উচিত: আপনার নামে।
- লেখা আর ছবি কে দেবে? আপনাকে কী কী পাঠাতে হবে?
- অগ্রিম কত, আর ডিজাইন পছন্দ না হলে সেই টাকার কী হবে? অনেকে কাজ শুরুর আগে ৫০% চায়, তাই এটা জরুরি।
- ডিজাইন কয়বার বদলানো যাবে?
- কত দিনে শেষ হবে, আর দিন গোনা শুরু কবে থেকে? অনেকে ধরে আপনি লেখা আর ছবি পাঠানোর দিন থেকে।
- পরে লেখা বা দাম নিজে বদলাতে পারবেন? সব লগইন আর পাসওয়ার্ড কি আপনাকে দেবে?
- লঞ্চের পরে কিছু নষ্ট হলে কে ঠিক করবে, কত দিনে, কত টাকায়?
- আগের কাজের লাইভ লিংক আছে? নিজের ফোনে খুলে দেখুন, শুধু স্ক্রিনশটে ভরসা করবেন না।
আর হ্যাঁ, এই প্রশ্নগুলো আমাদেরও করুন।
AristoBuild-এ ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে
AristoBuild চট্টগ্রামের (Chittagong) একটি ওয়েব ডিজাইন স্টুডিও। আমরা বিজনেস ওয়েবসাইট, অনলাইন শপ, ল্যান্ডিং পেজ, পার্সোনাল ও পোর্টফোলিও সাইট বানাই, বাছাই করা কিছু প্রজেক্টে মোবাইল অ্যাপও। হোয়াটসঅ্যাপ, ফোন আর ইমেইলে সারা বাংলাদেশে আর দেশের বাইরেও কাজ করি। আমাদের দাম খোলাখুলি:
| প্ল্যান | দাম | কী কী থাকে |
|---|---|---|
| স্টার্টার সাইট | ৳১৪,৯৯৯ থেকে, এককালীন | এক পেজে পাঁচটা পর্যন্ত সেকশন, মোবাইলে সুন্দর দেখায় এমন ডিজাইন, হোয়াটসঅ্যাপ ও কল বাটন, গুগল ম্যাপে আপনার লোকেশন, সোশ্যাল মিডিয়ার লিংক, গুগলের উপযোগী সেটআপ আর https তালা |
| বিজনেস সাইট | ৳২৯,৯৯৯ থেকে, এককালীন | স্টার্টারের সবকিছু, সাথে আপনার ব্র্যান্ডের নিজস্ব ডিজাইন, একাধিক পেজ, পণ্যের ক্যাটালগ বা মেনু, সরাসরি অর্ডার বা এনকোয়ারি, ইমেইলে আসা কন্টাক্ট ফর্ম, ফটো গ্যালারি, কাস্টমার রিভিউ দেখানোর সেকশন, ব্লগ বা খবরের সেকশন, প্রশ্নোত্তর সেকশন, স্পিড ও এসইও টিউনিং, গুগল বিজনেস প্রোফাইল সেটআপ আর ভিজিটরের হিসাব |
| কাস্টম ডেভেলপমেন্ট | প্রজেক্ট দেখে দাম | পেমেন্টসহ অনলাইন শপ, বিকাশ ও কার্ড পেমেন্ট, নিজে চালানোর অ্যাডমিন প্যানেল, কাস্টমার লগইন, স্টকের হিসাব, বুকিং বা অর্ডার সিস্টেম, এসএমএস ও ইমেইল অ্যালার্ট। কাজ শুরুর আগে পরিষ্কার কোটেশন। |
| কেয়ার প্ল্যান (লঞ্চের পরে) | মাসে ৳৪,৯৯৯ | হোস্টিং ও ডোমেইন সেটআপ, https নিয়মিত নবায়ন, লেখা বদলানো, নিরাপত্তা ও ব্যাকআপ, সফটওয়্যার আপডেট, কিছু নষ্ট হলে ঠিক করা, মাসিক চেকআপ আর হোয়াটসঅ্যাপে অগ্রাধিকার দিয়ে সাপোর্ট |
নতুন পেজ, নতুন ফিচার বা পুরো নতুন ডিজাইন কেয়ার প্ল্যানে পড়ে না। সেগুলোর দাম কাজ শুরুর আগেই পরিষ্কার করে বলি। অনলাইন শপের জন্য: বিজনেস সাইটে পণ্যের ক্যাটালগ আর সরাসরি অর্ডার থাকে, তাই ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি শুরু করা যায়। সাইটেই বিকাশ বা কার্ডে টাকা নিতে চাইলে সেটা কাস্টম ডেভেলপমেন্টে পড়ে, প্রজেক্ট দেখে দাম বলি। হোমপেজের দামের কার্ডগুলোও (ইংরেজিতে) দেখতে পারেন।
আগে ফ্রি স্যাম্পল, পছন্দ হলে তবেই টাকা
- হোয়াটসঅ্যাপে আপনার ব্যবসা আর কী চান, ছোট করে জানান।
- আমরা আপনার জন্য একটা ফ্রি স্যাম্পল বানাই, সাধারণত কয়েক দিনের মধ্যে। এটা খোলে নিজের একটা ওয়েব ঠিকানায়, যেমন yourshop.aristobuild.com, তাই ফোনে খুলে দেখতে আর পরিবার বা পার্টনারকে পাঠাতে পারবেন।
- পছন্দ হলে আপনার মতামত নিয়ে ঠিকঠাক করে নিই, তারপর টাকা দেন। পছন্দ না হলে কিছুই দিতে হবে না।
- পুরো সাইট লঞ্চ হতে সাধারণত এক থেকে তিন সপ্তাহ লাগে, সাইট কত বড় তার ওপর নির্ভর করে।
কোনো অগ্রিম নেই, কোনো ঝুঁকি নেই। আমাদের কাজের নমুনা দেখে নিতে পারেন, আর চট্টগ্রামে আমাদের ওয়েব ডিজাইন সেবা (ইংরেজিতে) নিয়েও পড়তে পারেন। সরাসরি কথা বলতে হোয়াটসঅ্যাপ করুন +৮৮০ ১৬০১-৮৫০৫৩৫ নম্বরে, অথবা ইমেইল করুন aristobuild26@gmail.com।
যা সবাই জানতে চান
একটা ওয়েবসাইট বানাতে সবচেয়ে কম কত টাকা লাগে?
হোস্টিং কোম্পানির টেমপ্লেট অফার ৳৫,০০০ থেকে ৳১০,০০০-এও মেলে। এজেন্সিতে সাধারণ বিজনেস সাইটের শুরুর দাম বেশিরভাগই ৳১০,০০০ থেকে ৳৩৫,০০০, সাথে প্রতি বছর ডোমেইন ও হোস্টিংয়ে মোটামুটি ৳৩,০০০ থেকে ৳৬,০০০।
ওয়েবসাইট খুলতে কি প্রতি বছর টাকা লাগে?
হ্যাঁ। বানানোর খরচ সাধারণত একবারই, কিন্তু ডোমেইন আর হোস্টিং প্রতি বছর নবায়ন করতে হয়। ছোট সাইটে এটা মোটামুটি ৳৩,০০০ থেকে ৳৬,০০০।
ডোমেইন আর হোস্টিং কিনতে কত টাকা লাগে?
.com প্রথম বছর মোটামুটি ৳১,২০০ থেকে ৳২,১০০, আর .com.bd বিটিসিএল-এ এখনকার ছাড়ে ৳৭০০ (ভ্যাট ছাড়া)। ছোট সাইটের হোস্টিং নবায়নে বছরে ৳১,৮০০ থেকে ৳৩,৬০০।
ফেসবুক পেজ থাকলে কি আলাদা ওয়েবসাইট লাগে?
ফেসবুক পেজ দিয়ে শুরু করা ভালো, কিন্তু পেজটা চলে ফেসবুকের নিয়মে। গুগলে খোঁজা মানুষের সামনে আসতে আর বিশ্বাসযোগ্য দেখাতে নিজের ওয়েবসাইট বেশি কাজে দেয়, তাই অনেকে দুটোই রাখেন।
ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে খরচ কত?
এজেন্সিতে অনলাইন শপের শুরুর দাম সাধারণত ৳২৫,০০০ থেকে ৳৫০,০০০, বড় কাস্টম শপে ৳৯০,০০০ থেকে দেড় লাখ বা বেশি। অনলাইন পেমেন্ট নিলে প্রতি বিক্রিতে মোটামুটি ২% থেকে ২.৭৫% কমিশন যায়।
ট্রেড লাইসেন্স ছাড়া কি বিকাশে টাকা নেওয়া যায়?
আমরা যত পেমেন্ট গেটওয়ে দেখেছি, সবাই ট্রেড লাইসেন্স চায়। তবে বিকাশের পার্সোনাল রিটেইল অ্যাকাউন্টে লাগে এনআইডি আর নতুন একটা সিম, কাগজের তালিকায় ট্রেড লাইসেন্স নেই।
ওয়েবসাইট বানাতে কত দিন লাগে?
এজেন্সিগুলো সাধারণত ছোট সাইটে ১ থেকে ৩ সপ্তাহ, বিজনেস সাইটে ২ থেকে ৬ সপ্তাহ বলে। আমাদের ফ্রি স্যাম্পল সাধারণত কয়েক দিনে তৈরি হয়, আর পুরো লঞ্চে সাধারণত এক থেকে তিন সপ্তাহ লাগে।
টাকা দেওয়ার আগে কি ওয়েবসাইট দেখে নেওয়া যায়?
অনেক প্রতিষ্ঠান কাজ শুরুর আগে অগ্রিম নেয়, প্রায়ই ৫০%। AristoBuild-এ আমরা আগে ফ্রি স্যাম্পল বানিয়ে লাইভ লিংক পাঠাই, আর পছন্দ হলে তবেই আপনি টাকা দেন।
আরও পড়ুন
- Website prices in BangladeshWhat a website really costs in 2026, and what changes the price.
- Web design in ChittagongA local studio that shows you your site before you pay.
- Online shops and bKashWhat an online store costs, and how bKash payments work.
- How the free sample worksSee your real website first. Pay only if you love it.
- About AristoBuildWho we are, where we work and how we build.
আপনার ওয়েবসাইট কেমন হবে, আগে দেখে নিন।
হোয়াটসঅ্যাপে দুই লাইনে লিখুন আপনার ব্যবসা কী আর কী চান। স্যাম্পল পছন্দ না হলে এক টাকাও দিতে হবে না।